কামাল হোসেন, সাড়াতলা :
যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন সিপাহী শফিউল আলম ও সিপাহী সাজেদুর রহমান। তারা যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের শালকোনা ক্যাম্পে কর্মরত ছিলেন। এ সময় তিন জন বেসামরিক ব্যক্তিও আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।
একই সময়ে উপজেলার ডিহি ও লক্ষণপুর ইউনিয়নে বজ্রপাতে মাঠে থাকা দুটি বড় গাভীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সীমান্ত এলাকা শালকোনা ও নারিকেলবাড়িয়া গ্রামের মধ্যবর্তী শৈলমর্দান বিল মাঠ নামক স্থানে নিয়মিত দায়িত্ব পালনকালে ভারি বর্ষণের সাথে ব্যাপক ভাবে বজ্রপাতের সময় বিজিবির নিজস্ব ছাউনির মধ্যে বিজিবি সদস্যসহ মাঠে অবস্থানরত স্থানীয়রা এসে জড় হন।
এ সময় বজ্রপাতে সিপাহী শফিউর রহমান ও সিপাহী সাজেদুর রহমানসহ স্থানীয় কয়েকজন আহত হন।
পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শালকোনা সীমান্ত এলাকায় কর্মরত বিজিবি সদস্যদের মাঝে উদ্বেগের সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান দ্রুত হাসপাতালে পৌঁছান।
তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির একটি অ্যাম্বুলেন্সে করে তাকে যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন। পুরো সময় তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে আহত সদস্যের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।
অপরদিকে একই সময়ে ডিহি ইউনিয়নের তেবাড়িয়া উত্তর পাড়া গ্রামের আরশাদ আলী ও লক্ষণপুর ইউনিয়নের শুড়া গ্রামের সিদ্দিক নামের দুই জন চাষির দরিদুর্গাপুর ও শুড়া মাঠে থাকা অবস্থায় দুটি বড় গাভী বজ্রপাতে মারা যায়।

