বেনাপোল সংবাদদাতা
যশোরের শার্শা থানার কায়বা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে কায়বা বিওপি’র একটি টহল দল কায়বা গ্রামস্থ দাদখালী নামক স্থানে অবস্থান নিয়ে ভারত থেকে ইছামতি নদী পার হয়ে কায়বায় আসা এক ব্যক্তিকে থামতে বললে ওই উক্ত ব্যক্তি সাথে থাকা ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে একটি ৭.৬৫ এমএম পিস্তল (চায়না), একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের মাধ্যমে এগুলো শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
