কেশবপুর সংবাদদাতা

যশোরের কেশবপুরে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ ওঠার একদিন পর একটি বেসরকারি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের নির্দেশে কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম বন্ধ করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রেহেনেওয়াজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার সারুটিয়া গ্রামের ইমরান মোল্যার সাত মাস বয়সী ছেলে আরিয়ান মোল্যাকে চিকিৎসার জন্য কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। সে সময় হাসপাতালের চিকিৎসক ডা. ডিএম কামরুল হাসান উপস্থিত ছিলেন না। পরে মোবাইল ফোনে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে থাকা নার্স শিশুটিকে চিকিৎসা দেন বলে অভিযোগ রয়েছে।

চিকিৎসা দেয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

শিশুর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের সামনে থাকা সাইনবোর্ড সরিয়ে ফেলারও নির্দেশ দেয়া হয়।

হাসপাতালটির সাইনবোর্ডে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করেও কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, শিশুর মৃত্যুর ঘটনা তদন্তে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Share.
Exit mobile version