শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরে বটি দিয়ে স্বামী ইসমাইল গাজীর পুরুষাঙ্গ ছেদ করে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাজমা খাতুনকে (৩২) হেফাজতে নিয়েছে থানা পুলিশ। আহত ইসমাইল গাজী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল গাজী নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে তার ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় নাজমা খাতুন ধারালো বটি দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কর্তন করেন।
এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ইসমাইল গাজীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়রা জানান, ইসমাইল গাজী একাধিক বিয়ে করেছেন। তার বড় স্ত্রী সন্তানদের নিয়ে কৈখালী এলাকায় বসবাস করেন।
তিন দিন আগে তার বড় স্ত্রী ভুরুলিয়ার সিরাজপুরের বাড়িতে আসাকে কেন্দ্র করে ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে পারিবারিক বিরোধ শুরু হয়। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

