শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ শামুক/ঝিনুক জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে নকিপুর বাজারে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এই অভিযান পরিচালনা করে থানা পুলিশ ও বনবিভাগ।

অভিযানে প্রায় ৫০ বস্তা (আনুমানিক ২২৫০ কেজি) শামুক উদ্ধার করা হয়। যা সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে আহরণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকৃত এসব শামুক/ঝিনুক বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ এর তফসিল-১(গ) অনুযায়ী সম্পূর্ণভাবে সংরক্ষিত এবং ধরা, পরিবহন ও বাণিজ্য আইনত দণ্ডনীয় অপরাধ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত শামুক/ঝিনুকগুলো কক্সবাজারে নুর আলম নামীয় এক ব্যক্তির কাছে পাঠানোর উদ্দেশ্যে কুরিয়ারের মাধ্যমে বুকিং দেয়া হয়েছিল।

উপজেলার মো. হানজালা নামের এক ব্যক্তি এ পাচারের সাথে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। অভিযানে অংশ নেয়া বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ আহরণ বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে শামুক/ঝিনুক উপকূলীয় প্রতিবেশের গুরুত্বপূর্ণ অংশ, যা খাদ্যশৃঙ্খল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও বনবিভাগ।

Share.
Exit mobile version