সাতক্ষীরা সংবাদদাতা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষা। জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে নব জীবন ইনস্টিটিউট, মাদ্রাসা পর্যায়ে কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে ঝাউডাঙ্গা কলেজ এবং কারিগরি পর্যায়ে নব জীবন পলিটেকনিক ইনস্টিটিউট।

অনুষ্ঠানে ঝাউডাঙ্গা কলেজের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ঝাউডাঙা কলেজের সভাপতি আমজাদ হোসেন। এ অর্জনকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।

মাদ্রাসা পর্যায়ে নির্বাচিত হন কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষআবুল গফ্ফার। কলেজ পর্যায়ে ঝাউডাঙা কলেজ অধ্যক্ষ খলিলুর রহমান, এবং কারিগরি পর্যায়ে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অধ্যক্ষ মুহাম্মাদ ফেরদৌস আরেফিন। এছাড়া শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হনে সাতক্ষীরা আ. করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলামিন, আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মারুফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজের প্রফেসর ড. শাহিনুর রহমান এবং সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর মোস্তাফিজুর রহমান।

শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী অনিন্দিতা চক্রবর্তী, সাতক্ষীরা সরকারি কলেজের অনিষা রায়, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার রুবাইয়া খাতুন এবং সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মারিয়া ইয়াসমিন।

এছাড়াও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জি.জি.কে.এইচ কানাইখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন মন্ডল।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো. ঈদুজ্জামান ইদ্রিস।

Share.
Exit mobile version