বাংলার ভোর প্রতিবেদক :
সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ করতে গিয়ে বনদস্যুদের কাছে জিম্মি হয়ে পড়ছেন জেলে-বাওয়ালিরা। বনে প্রবেশের আগেই নির্দিষ্ট দস্যু বাহিনীকে দিতে হচ্ছে চাঁদা। কারও কাছ থেকে আদায় করা হচ্ছে ৫০ হাজার টাকা, আবার চাঁদার নির্ধারিত স্লিপ বা কার্ড না থাকলে অপহরণ করে দাবি করা হচ্ছে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ। এক বাহিনীকে চাঁদা দিয়েও রেহাই মিলছে না; বনে ঢুকলে অন্য বাহিনীর চাঁদাবাজির মুখে পড়তে হচ্ছে। এভাবে একের পর এক চাঁদা ও মুক্তিপণ দিতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত হচ্ছেন উপকূলের বনজীবীরা।
বনদস্যুদের এমন দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় অনেক জেলে-বাওয়ালি এখন সুন্দরবনে যেতে সাহস পাচ্ছেন না। মাছ ও কাঁকড়া আহরণ বন্ধ থাকায় সংকটে পড়েছে তাদের পরিবার। সরকারি পাস নিয়ে বনে প্রবেশ করেও দস্যুদের চাঁদা থেকে রেহাই মিলছে না। এমন পরিস্থিতিতে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয় বনজীবী ও বাসিন্দারা। গত ৯-১০ দিন ধরে চলছে এ আন্দোলন। তবে আন্দোলন শুরুর পর বনজীবীদের হুমকি-ধমকি দেয়ার অভিযোগও উঠেছে।
নীলডুমুর গ্রামের জেলে ও বাওয়ালি মোহাম্মদ আবু হাসান জানান, সুন্দরবনে যাওয়ার আগেই বনদস্যুরা তাদের আটকে ৫০ হাজার টাকা আদায় করে। এই টাকা জোগাড় করতে গিয়ে ঋণ করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে তাদের জীবন-জীবিকা আরও কঠিন হয়ে পড়বে। বনদস্যুদের নির্মূল করা না গেলে বনজীবীদের দুর্ভোগ কমবে না।
জেলে মোহাম্মদ আল আমিন ইসলাম জানান, বনদস্যুরা ১০ টাকার নোটের সিরিয়াল নম্বর পাঠিয়ে দেয়। সেই নম্বরের নোট সঙ্গে না থাকলে আটকে রেখে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত দাবি করে। এত টাকা দেয়ার সামর্থ্য তাদের নেই। এভাবে চলতে থাকলে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলের দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা মন্টু গাজী জানান, সুন্দরবনে একাধিক দস্যু বাহিনীর তৎপরতায় জেলেরা চরম বিপাকে পড়েছেন। এক বাহিনীকে টাকা দিয়ে বনে প্রবেশ করলেও অন্য বাহিনীর চাঁদাবাজির শিকার হতে হয়। একাধিক বাহিনীকে টাকা দিতে গিয়ে অনেক জেলে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এ কারণে অনেকে বনে যাওয়া বন্ধ করে দিয়েছেন।
বনদস্যুদের হাতে অপহরণের শিকার জেলে আব্দুল রশিদ জানান, তাকে প্রায় এক সপ্তাহ সুন্দরবনে আটকে রাখা হয়েছিল। পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান। এরপর থেকে আর বনে যাওয়ার সাহস করেননি। ঋণ করে এখন দিন কাটছে তার।
স্থানীয় বনজীবী মোহাম্মদ রাকিবুল ইসলাম বিপন জানান, জেলে-বাওয়ালিরা একদিকে অপহরণ ও মুক্তিপণের শিকার হচ্ছেন, অন্যদিকে ঋণের বোঝায় তাদের পরিবারগুলোতে দুর্ভোগ বাড়ছে। আত্মসমর্পণ করা সাবেক দস্যুদের কেউ কেউ আবার দলবদ্ধ হয়ে সুন্দরবনে সক্রিয় হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
এদিকে সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে স্থানীয় বনজীবীদের আন্দোলন অব্যাহত রয়েছে। বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন লিটন জানান, বনদস্যুদের কাছ থেকে স্লিপ বা কার্ড সংগ্রহ না করে এখন জেলে-বাওয়ালিদের পক্ষে বনে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সরকারি পাস থাকার পরও আলাদাভাবে টাকা দিতে হচ্ছে। টাকা না দিলে অপহরণ, নির্যাতন ও মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হচ্ছে। আন্দোলন শুরুর পর বনজীবীদের হুমকি-ধমকিও দেয়া হচ্ছে।
তবে বনদস্যুদের তৎপরতা ঠেকাতে নজরদারি ও অভিযান জোরদারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, সুন্দরবনে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
সীমান্তবর্তী সুন্দরবন এলাকায় বনদস্যুদের তৎপরতা রোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।
