বাংলার ভোর প্রতিবেদক
ঝিকরগাছা থানার চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী ভ্যানচালক শামীম পারভেজ (২১) হত্যাকাণ্ডে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। গত ৩০ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে ঝিকরগাছা থানাধীন ০২ নম্বর মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের আঙ্গারপাড়া নাইলপুকুর সংলগ্ন এলাকায় শামীম হোসেসের (২৮) কলাবাগানের ভেতর শুকনো ঘাস দিয়ে ঢেকে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার গলায় তার ও লুঙ্গি পেঁচানো ছিল।

ঘটনার পর ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত তদন্ত কার্যক্রম শুরু করে হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩১ জানুয়ারি রাত আনুমানিক ১টা ২০ মিনিটে অভিযুক্ত ইব্রাহিম খলিলকে এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু মো. মামুন (১২)-কে গ্রেপ্তার করে। একই সাথে নিহতের ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করে।

সোমবার যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিহত শামীম পারভেজের পরিবারের সদস্যদের সাতে নিজ কার্যালয়ে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং মানবিক সহানুভূতির অংশ হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার ও ভিকটিম পরিবারের পাশে দাঁড়ানোয় স্থানীয়ভাবে যশোর জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন সচেতন মহল।

Share.
Exit mobile version