বাংলার ভোর প্রতিবেদক
ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, সারের কৃত্রিম সংকট দূর করা এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ। আগামী ২৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় যশোর দড়াটানা ভৈরব চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশ সফল করতে জেলার কৃষক ও খেতমজুরদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ উপলক্ষে শনিবার যশোরে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক ও জাতীয় কৃষক খেতমজুর সমিতির যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ,
জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমান, বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি আব্দুর রহিম, সহসভাপতি আমিনুর রহমান হিরু ও আবু হাসান, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহ্বায়ক আলাউদ্দিনসহ অন্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, ডিজেলসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষকের উৎপাদন খরচ বেড়েছে। এর সঙ্গে বাজারে সারের সংকট তৈরি হওয়ায় কৃষকদের বাড়তি দামে সার কিনতে হচ্ছে।
তারা অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং সারের সংকট নিরসনের দাবি জানান। বক্তারা আরও বলেন, ধান ও চালের দামের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে।
তাদের অভিযোগ, মিল মালিক ও মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
সরকারি উদ্যোগে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার কথা থাকলেও বাস্তবে অনেক কৃষক সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন না বলেও অভিযোগ করেন তারা। সভা থেকে এসব দাবিতে ২৯ সেপ্টেম্বরের বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
