বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মেয়ের নোড়ার আঘাতে সাহানা বেগম (৬১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টায় উপজেলার ভাঙ্গাগেট এলাকার ভেরব সেতু-সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সাহানা বেগম বগুরা জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ও জহুরুল ইসলামের স্ত্রী। তিনি অভয়নগরের একটি জুটমিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে সাহানা বেগমের মেয়ে শিরিনা খাতুন শিলপাটার নোড়া দিয়ে তার মাথা ও মুখে আঘাত করেন।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলার থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

