নড়াইল সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলায় পথসভায় বক্তব্য প্রদানকালে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসানের কাছ থেকে বিএনপি নেতা নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর কতৃক মাইক কেড়ে নেয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল হাসান বলেন, বিগত দিনে আমি ছাত্রদলের রাজনীতি করার সময় ফ্যাসিবাদ আওয়ামী সরকারের নির্যাত-হামলা মামলার শিকার হয়েছি, জেল খেটেছি। গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালি শেষে এক পথসভায় বক্তব্য রাখি। এ সময় বিএনপির নেতাদের নানান বিশৃংখলার প্রতিবাদ স্বরূপ ছাত্রদলকে সুসংগঠিত করে বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এ বক্তব্যের কারণে নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর আমার মাইক কেড়ে নিয়ে আমাকে লাঞ্ছিত করেন।
তিনি বলেন, আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ সিনিয়র নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যপারে ব্যবস্থা নেয়ার জন্য।
এ সব অভিযোগের ব্যাপারে লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র নেওয়াজ আহমেদ নজরুল ঠাকুর বলেন, ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার তাইবুল হাসান বক্তব্য দেয়ার সময় র্যালিতে সামনে যাওয়া বিএনপি নেতাদের বিশৃঙ্খলার বিষয়ে ছাত্রদলকে সুসংগঠিত করে বিএনপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন। যা সংবাদ সম্মেলন করে সে বলেছে। সে সময় আমার কাছে তার বক্তব্য দেয়াটা খারাপ লাগায় আমি মাইক কেড়ে নিই।
এ ঘটনায় আমি তাইবুলের সাথে কথা বলেছি ও দুঃখ প্রকাশ করেছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লোহাগড়া পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, লোহাগড়া পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্না, লাহুড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম বাচ্চু, কোটাখোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুস সাকিবসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

