বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারের বরাদ্দকৃত সম্মানির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই স্থানীয় নেতাকে সাংগঠনিক সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার রাতে তাদেরকে অব্যাহতি দেয়া হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন, ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।
দলীয় সূত্রে জানা যায়, সরকারি সম্মানির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ ওঠার পর প্রাথমিক তদন্ত পরিচালনা করা হয়। অভিযোগের সততা পাওয়ায় সংগঠনের ভাবমূর্তি রক্ষায় উপজেলা জামায়াত এ সিদ্ধান্ত গ্রহণ করে।
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে এবং এখন থেকে তারা জামায়াতের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বা দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না।

