লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর জিএম মাশরাফি নামে এক ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে নড়াইল জেলা ছাত্রদল। সোমবার রাতে নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ সাথীল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বহিস্কার হওয়া ছাত্রদল নেতা জিএম মাশরাফি লোহাগড়া সরকারী আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক ছিল এবং লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।
সোমবার (২৪আগস্ট) জিএম মাশরাফির ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।
অভিযুক্ত ছাত্রদল নেতা জিএম মাশরাফির সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে ও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জেলা ছাত্রদলের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখার প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হলো। নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহামুদুল হাসান সানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ সাথীল এবং সদস্য সচিব মামুন গাজী এই নির্দেশনা প্রদান করেন।

