বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হাসান (৩৯) হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ পুলিশ দল। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল, বার্মিজ চাকু ও একটি ছোট আকৃতির চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, যশোরের বাঘারপাড়া থানার তেলিধান্যপুর গ্রামের রাব্বি হোসেন (২০) ও মারুফ হোসেন (২৩) এবং কোতোয়ালী মডেল থানার মুনসেফপুর গ্রামের আসিফ হোসেন (২০)।
শনিবার দুপুরে পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৩ জুলাই ২০২৬ তারিখে বাঘারপাড়া থানাধীন খাজুরা তেল পাম্পের পাশে মহাসড়কের ওপর ২ নং বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
এরই ধারাবাহিকতায় গত ৪ সেপ্টেম্বর খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ হোসেন এবং যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে যৌথ পুলিশ দল দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে প্রথমে মামলার ১ নম্বর আসামি রাব্বি হোসেন ও ৪ নম্বর আসামি আসিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ২ নম্বর আসামি মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তি ও দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও একটি ছোট চাপাতি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ৪ নম্বর আসামি আসিফ হোসেন আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
##
