বাঘারপাড়া সংবাদদাতা
যশোরের বাঘারপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। কয়েক দিন ধরে বাসা ফাঁকা থাকার সুযোগে চোরেরা ছাদের ওপর দিয়ে প্রবেশ করে তালা ভেঙে ঘরের মালামাল নিয়ে যায়। এ সময় তারা ফ্রিজে রাখা মাংস রান্না করে খেয়েও যায়।
পৌরসভার সখিনা ডায়াগনস্টিক সেন্টারের পেছনের একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ভাড়াটিয়া শারমিন আক্তার জানান, তিনি একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। কর্মস্থলে যাতায়াতের সুবিধার্থে ওই বাসায় ভাড়া থাকেন।
কয়েক দিন আগে তিনি ঝিকরগাছায় নিজ গ্রামের বাড়িতে বেড়াতে যান। শনিবার দুপুরে বাসায় ফিরে তিনি দেখতে পান, ঘরের তালা ভাঙা এবং বিভিন্ন মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
তার ধারণা, চোরেরা ছাদের ওপর দিয়ে বাসায় প্রবেশ করে প্রথমে তালা ভাঙে। এরপর ঘরের ভেতরে ঢুকে চারটি বৈদ্যুতিক ফ্যান, গ্যাস সিলিন্ডার, রাইসকুকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।
যাওয়ার আগে ফ্রিজে রাখা মাংস রান্না করে খেয়েছে চোরেরা। বাড়ির মালিকের একটি মোটরও চুরি হয়েছে ।
ঘটনার খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।
