বাংলার ভোর প্রতিবেদক :
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ দুটি পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ তৈরি হয়েছে। বাকি পদগুলোতে একাধিক প্রার্থী মনোনয়ন ক্রয় করেছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফকির শওকত ও সাবেক সভাপতি জাহিদ হাসান টুকুন। সহসভাপতি পদে আনোয়ারুল কবির নান্টু, সরোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সজল মনোনয়নপত্র নিয়েছেন। সাধারণ সম্পাদক পদে নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু ও জুয়েল মৃধা মনোনয়নপত্র নিয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সরোয়ার হোসেন, কাজী আশরাফুল আজাদ, এম আইউব ও ফিরোজ গাজী। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম।
কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ দুটি পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র না নেয়ায় জাহিদ আহমেদ লিটন ও তহীদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
এদিকে, ছয়টি সদস্য পদের বিপরীতে ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, শেখ আব্দুল্লাহ হোসাইন, তৌহিদ জামান, শহিদ জয়, মীর মঈন হোসেন মুসা, রফিকুল ইসলাম, এসএম সোহেল, আব্দুল ওয়াহাব মুকুল, জুয়েল মৃধা, সফিক সাইয়িদ, মুর্শিদুল আজিম হিরু ও গালিব হাসান পিল্টু।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল জানান, রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। পরদিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
