কোটচাঁদপুর সংবাদদাদা
কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের মেইন বাজারে প্রথমে আনন্দ মিছিল বের করা হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবু বকর বিশ্বাস বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় শহীদ জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতিকে এগিয়ে নিয়েছেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
