আশাশুনি সংবাদদাতা
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে দেড় লক্ষাধিক টাকার চিংড়ি মাছ বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ঘের ঘের মালিক বাদী হয়ে রোববার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
কাদাকাটির রামচন্দ্রপুর গ্রামের ঘের মালিক খোকন সানা বাদী হয়ে দাখিলকৃত অভিযোগ সূত্র ও সরেজমিন ঘুরে জানা গেছে, মিত্রতেতুলিয়া মৌজায় বলাবুনিয়া বিলে বাদী ও তার পার্টনার ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের ইউনুস মোড়লের যৌথ মৎস্য ঘেরে বাগদা, হরিণা সহ আনুমানিক ১০/১২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল।
গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে তারা মৎস্য ঘের চৌকি পাহারা দিয়ে বাড়িতে চলে যান।
পরদিন সকাল ৭ টার দিকে ইউনুস মোড়ল মৎস্য ঘেরে গিয়ে দেখেন, বাগদা চিংড়ি মৃত এবং অর্ধ মৃত অবস্থায় পানিতে ভাসছে।
খবর পেয়ে বাদী ঘেরে যেয়ে মাছ মৃত অবস্থায় ভাসতে ও পানিতে বিষের গন্ধ এবং পানি সাদা ও ঘোলাটে দেখেন। ভেসে ওঠা মাছ ধরা হলেও পানির নিচে প্রচুর মাছ মরে রয়েছে বলে তারা জানান।
