লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই মহিলাসহ একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার রাত নয়টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, খাইরুল সিকদার, ভাই জামিরুল সিকদার, রেজাউল সিকদার ও ইকরামুল সিকদার, খাইরুলের স্ত্রী মুক্তা বেগম এবং মা কুলসুম বেগম।
আহত খাইরুল সিকদার জানান, মাকড়াইল গ্রামের রুহুল সিকদারের ছেলে জুয়েল সিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। জুয়েলের মাদক বিক্রির প্রতিবাদ করলে গত সপ্তাহে তাকে ও তার ভাইদের হত্যার হুমকি দেয়।
এর জের ধরে শনিবার রাতে খাইরুল ও তার তিন ভাই মাকড়াইল বাজার থেকে বাড়ি ফেরার পথে জুয়েল সিকদারসহ কয়েকজন তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার স্ত্রী মুক্তা বেগম ও মা কুলসুম বেগম বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের নড়াইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত জুয়েল সিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
