কালিয়া সংবাদদাতা :
নড়াইলের কালিয়া উপজেলায় শ্মশানঘাটে মাদক সেবনের দায়ে চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের জেল-জরিমানা করেন।
বৃহস্পতিবার দুপুরে কালিয়া শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কালিয়া উপজেলার হাড়িডাঙা গ্রামের শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের ওলি সরদার (২৩), বাকা গ্রামের বাহাউদ্দিন তিতাস শিকদার (৩৫) এবং কালিয়া পৌরসভার বড় কালিয়া গ্রামের মাহাবুর গাজী (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে কালিয়া থানা পুলিশের একটি দল কালিয়া শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে ওই চার যুবককে আটক করা হয়।
পরে বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলামকে জানানো হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদক সেবনের দায়ে চার যুবককে তিন মাস করে কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড করেন।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক তাদের সাজা দেন।
