নড়াইল সংবাদদাতা :
নড়াইলে পণ্যের ওজন কম দেওয়া এবং ক্ষতিকর রং মেশানোর অভিযোগে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুর ১২টার দিকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পদ্মা বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা, মাহমুদা ফুডসকে ২ হাজার টাকা এবং আল আমিন বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পণ্যের ওজন কম দেওয়া এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। এ সময় ভবিষ্যতে বিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়। অন্য একটি বেকারির পণ্যের ওজন ও পরিবেশ সন্তোষজনক পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।
অভিযানে স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নড়াইল জেলা কমিটির কোষাধ্যক্ষ স্বপ্না রায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক শামীম হাসান বলেন, চলমান বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও হাটবাজারে তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করা এবং ভোক্তারা যাতে প্রতারণা ও ক্ষতির শিকার না হন, সে লক্ষ্যে এ ধরনের অভিযান চলবে।
