বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের পুলেরহাট-রাজগঞ্জ আঞ্চলিক সড়কে ইজিবাইক চলাচলে বাধা ও চালকদের মারধরের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকেরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পলাশী মোড়ে ‘ভাই ভাই ইজিবাইক চালক সমিতি’র উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিক্ষোভে প্রায় পাঁচ শতাধিক ইজিবাইকচালক অংশ নেন। তাদের অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা জানান, পুলেরহাট থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে পাঁচ শতাধিক ইজিবাইক চলাচল করছে। এসব যানবাহন চালিয়ে চালকেরা জীবিকা নির্বাহ করেন। তবে সম্প্রতি যশোর বাস মালিক সমিতি এ রুটে ইজিবাইক চলাচলে বাধা দিচ্ছে এবং চালকদের মারধর করছে বলে তাঁদের অভিযোগ।
চালকেরা বলেন, পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহের জন্য তাঁরা শান্তিপূর্ণভাবে ইজিবাইক চালাতে চান। সড়কে চলাচলে বাধা ও মারধরের ঘটনায় তাঁরা ক্ষুব্ধ।
বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলন এবং লাগাতার সড়ক অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তাঁরা।
তবে ইজিবাইক চলাচলে বাধা ও মারধরের অভিযোগের বিষয়ে যশোর বাস মালিক সমিতির বক্তব্য পাওয়া যায়নি।
