বাংলার ভোর প্রতিবেদক :
শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা কার্যকরভাবে তদন্ত, ভুক্তভোগী শিশুদের ট্রমা নিরসন এবং শিশুবান্ধব আদালত কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে যশোরে পুলিশ কর্মকর্তাদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
ফ্রি আ গার্ল নেদারল্যান্ডস ও জিমান-এর সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এর বাস্তবায়নে আয়োজিত এই কর্মশালায় যশোরের বিভিন্ন থানার নারী ও শিশু হেল্প ডেস্কে কর্মরত ২০ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।
কর্মসূচির উদ্বোধনী ও মূল সেশনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
দিনব্যাপি এই প্রশিক্ষণে শিশু যৌন শোষণ শনাক্তকরণ, প্রমাণ সংগ্রহ-সংরক্ষণ এবং শিশুর থেকে সংবেদনশীল উপায়ে বক্তব্য গ্রহণ, ভুক্তভোগী শিশুর মানসিক ট্রমা বোঝা এবং পুনঃ-ট্রমাটাইজেশন রোধে গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিতকরণ, শিশুবান্ধব আদালত পদ্ধতির রূপরেখা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এবং এসিডি-র প্রজেক্ট কো-অর্ডিনেটর এস.এম. আহসান উল্লাহ সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির এরিয়া ম্যানেজার হুমায়ন কবির।
আয়োজকেরা জানান, শিশু সুরক্ষা আইন বাস্তবায়নে পুলিশ সদস্যদের পেশাদার ও মানবিক ভূমিকা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করে ভুক্তভোগী শিশুদের জন্য নিরাপদ বিচারিক পরিবেশ তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।
