জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৩ নম্বর বাঁকা ইউনিয়ন বিএনপির তিন নেতাকে দলীয় পদে পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে জীবননগর উপজেলা বিএনপি।
পুনর্বহাল হওয়া নেতারা হলেন ৩ নম্বর বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খালেক, সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক আবুল বাসার।
মঙ্গলবার জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান (খোকন) ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন।
চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর বাঁকা ইউনিয়ন পরিষদে জৈব সার পরিবহনকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপপ্রচার ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে নিরপেক্ষভাবে সরেজমিন তদন্ত করা হয়।
তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা যায় ওই ঘটনার সঙ্গে এই তিন নেতার কোন সম্পৃক্ততা ছিল না।
চিঠিতে আরও বলা হয়, ব্যক্তিস্বার্থান্বেষী একটি মহলের ভুল বোঝাবুঝি ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে জীবননগর থানায় লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়।
এ অবস্থায় দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সার্বিক স্বার্থ বিবেচনায় নিয়ে তিন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত প্রমাণিত হওয়ায় তাদের দায়-দায়িত্ব ও অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের ৩ নম্বর বাঁকা ইউনিয়ন বিএনপির স্ব স্ব পদে পুনর্বহাল করা হয়েছে।
