পাইকগাছা সংবাদদাতা :
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা মূল্যের চাল ওজনে কম দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার উপজেলার চাঁদখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শকালে তিনি ধামরাইলে ডিলার মীর আজিজুর রহমান বাবু ও কমলাপুরে ডিলার মাজহারুল ইসলাম কর্মসূচির এ চাল ৩০ কেজির স্থলে ওজনে কম দিয়ে ২৬ থেকে ২৮ কেজি পর্যন্ত চাল বিক্রির প্রমাণ পান।
এ সময় তিনি মোবাইল কোর্টের মাধ্যমে নিরাপদ খাদ্য সংরক্ষণ আইনে প্রত্যেক ডিলারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, চাঁদখালী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, এসআই লিটনসহ আদালত সংশ্লিষ্টরা।
