বাংলার ভোর প্রতিবেদক :
মাদক ব্যবসা ও অস্ত্রধারী হিসেবে অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় যুবশক্তি, যশোর জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মোঃ রূপম আহসান অর্ণবকে গত ১৪ সেপ্টেম্বর বহিষ্কার করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, এনসিপির নির্বাচন-পূর্ববর্তী আলোচনা সভায় হাঙ্গামা সৃষ্টি, জেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ডে গিয়ে অসৌজন্যমূলক আচরণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে রূপম আহসান অর্ণবের বিরুদ্ধে।
এছাড়া স্থানীয় সংবাদ প্রতিবেদনে নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় র্যাবের একটি অভিযানের ঘটনায় রূপম আহসান অর্ণবের নাম শরণার্থী/পলাতক ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী হিসেবে অভিযোগের কথা উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ওই অভিযানে অস্ত্র ও মাদক সংক্রান্ত ঘটনায় একজনকে আটক করা হলেও অর্ণব পালিয়ে যান।
এসব অভিযোগের পাশাপাশি সাংগঠনিক দায়িত্ব পালনে শৃঙ্খলাভঙ্গ ও ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় যুবশক্তি, যশোর জেলা আহ্বায়ক কমিটি সাংগঠনিক শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
সংগঠন সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় যুবশক্তির সাংগঠনিক শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে ভবিষ্যতেও প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
