রামপাল সংবাদদাতা :
রামপালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলার ফয়লাহাটে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের দায়ে তাদের এ জরিমানা করা হয়।
রামপাল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌস ও বিএসটিআই খুলনার পরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে ফয়লাবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এ সময় ওজন ও পরিমাপ সংক্রান্ত অনিয়ম পাওয়ায় মিতালী ফুড বেকারি ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিতালী ফুড বেকারির স্বত্বাধিকারী আব্দুল্লাহকে ১৫ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেইরির স্বত্বাধিকারী রণজিত কুমার ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া প্রতিষ্ঠান দুটিকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের জন্য উভয় প্রতিষ্ঠানকে এক মাসের সময়সীমা দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ওজন-পরিমাপের সঠিকতা এবং খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
