বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরের খড়কি কবরস্থান এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মিথিলা (২৪) নামে এক তরুণীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার কয়েকজন কিশোরের ইভটিজিংয়ের শিকার হন মিথিলা। তিনি এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তার বাসায় গিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ করেন ওই তরুণী। আহত মিথিলাকে স্থানীয়রা যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার নারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য কিংবা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
