বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরে বৈদ্যুতিক পোলে উঠে ইন্টারনেটের কাজ করার সময় মই থেকে পড়ে ইমরান হোসেন ইমন (২৯) নামে এক ইন্টারনেট কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের জেস টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন ইমন খুলনার টুটপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে।
তিনি যশোরের মুড়লী মোড় এলাকায় ই-লাইফ কমিউনিকেশন নামের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে জেস টাওয়ারের সামনে বৈদ্যুতিক পোলে উঠে ইন্টারনেটের কাজ করছিলেন ইমন। এ সময় অসাবধানতাবশত মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইমনকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
