বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের বসুন্দিয়া এলাকায় এক গৃহবধূর ছবি সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত ও অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী হোসনেযারা খাতুন। ভুক্তভোগী হোসনেয়ারা খাতুন বসুন্দিয়া এলাকার আকরাম শেখের মেয়ে।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ১৮ সেপ্টেম্বর নিজ বাড়িতে অবস্থানকালে জানতে পারেন, তার অজান্তে কে বা কারা ছবি সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করেছে।
পরে ওই ছবি ব্যবহার করে ‘ই’ নামের একটি ভুয়া টিকটক অ্যাকাউন্ট খোলা হয়েছে। অ্যাকাউন্টটির ইউজার নাম ‘@ন৩৬৪০০৩’ বলে জিডিতে উল্লেখ করা হয়।
জিডিতে আরও বলা হয়, ওই অ্যাকাউন্ট থেকে তার বিকৃত ছবি পোস্ট করে বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও কুপ্রস্তাব দেয়া হচ্ছে। বিষয়টি জানতে ভুক্তভোগী সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করলেও পরিচয় প্রকাশ করা হয়নি। এতে তিনি সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এবং ভবিষ্যতে আরও ক্ষতির আশঙ্কা করছেন।
ভুক্তভোগীর অভিযোগ, পরবর্তীতে একটি অজ্ঞাত চক্র তার পরিচয় ও ছবি ব্যবহার করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের মাধ্যমে অশালীন কনটেন্ট তৈরি ও প্রচার করছে। পাশাপাশি বিভ্রান্তিকর বার্তা পাঠানো এবং মানহানিকর পোস্টের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
এ ঘটনায় বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হবে।
