বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের অভয়নগরে আলোচিত বাহারুল মল্লিক (৪২) হত্যা মামলার চাঞ্চল্যকর অগ্রগতি হয়েছে। পুলিশ হত্যা মামলায় সরাসরি জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রমজান (২০)। তিনি খুলনা জেলার ফুলতলা থানার দক্ষিণডিহি গ্রামের বাসিন্দা। এ নিয়ে বহুল আলোচিত এই হত্যা মামলায় মোট দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামে রশিদ মোল্লার বাগান থেকে বাহালুল নামে পরিচিত বাহারুল মল্লিকের মরদেহ উদ্ধার করা হয়। তাকে গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অভয়নগর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর অভয়নগর থানার ওসি মোহাম্মদ নূরুজ্জামানের নির্দেশনায় বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নাসির উদ্দিনসহ পুলিশের একটি বিশেষ টিম গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জোরালো অভিযান শুরু করে। গত ১০ সেপ্টেম্বর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আশরাফুল আশা ওরফে আশরাফকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে টানা ১৩ দিনের ধারাবাহিক নজরদারি শেষে রোববার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামি রমজানকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রপ্তারকৃত রমজানকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের সন্ধান দেয়।
পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে রোববার সন্ধ্যা ৭টার দিকে অভয়নগর থানা পুলিশের একটি টিম খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালায়।
বাঁশবাগানের পশ্চিম পাশে মাটির নিচে প্লাস্টিকের ভেতরে পুঁতে রাখা অবস্থায় একটি ৭.৬৫ বোরের সচল পিস্তল, একটি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটারগান এবং ৭ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
