লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ লাবু মিয়াকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার দুপুরের শালনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লাবু মিয়ার বিরুদ্ধে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা করা হয় ২০২৪ সালের ১৩ নভেম্বর। মামলার বাদী জাহিদুল ইসলাম ঝুনু। অপর মামলাটি করা হয় ২০২৪ সালের ৯ ডিসেম্বর। ওই মামলার বাদী ইয়াজুর রহমান বাবু।
পুলিশের ভাষ্য, মামলা হওয়ার পর থেকে লাবু মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে সোমবার দুপুরে শালনগর ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, নাশকতার দুটি মামলায় শালনগর ইউপি চেয়ারম্যান লাবু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নড়াইল আদালতে পাঠানো হবে।
