বাংলার ভোর প্রতিবেদক:
যশোরের মণিরামপুরে বিশেষ অভিযান চালিয়ে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ পিস উইনক্রেক্স কফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের ফারুক হোসেন (৪৩)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে মণিরামপুর থানার ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কোমলপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়।
এ সময় ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ পিস উইনকরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সাতক্ষীরা-ন-১১-০১০৪ নম্বরের একটি পিকআপও জব্দ করা হয়।
এ ঘটনায় মণিরামপুর থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
