বাংলার ভোর প্রতিবেদক :
যশোর পৌরসভার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে পৃথক রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চাঁচড়া-পালবাড়ী সড়কের মৎস্য অফিসের সামনে থেকে লতিফের বাড়ি পর্যন্ত এবং ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর বায়তুল রহিম জামে মসজিদের সামনে (পিডিবি অফিসের পূর্ব পাশে) আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ জানান, দুটি স্থানে মোট ২৪৫ মিটার আরসিসি সড়ক এবং ৯৫ মিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এসব কাজে ব্যয় ধরা হয়েছে ৯৫ লাখ টাকা। আগামী নভেম্বর মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরীফ হাসান, সহকারী প্রকৌশলী কামাল আহমেদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিকসহ সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, নতুন রাস্তা ও ড্রেন নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি পানি নিস্কাশন সমস্যারও সমাধান হবে।
