বাংলার ভোর প্রতিবেদক
তারাপদ দাস কেবল একজন শিক্ষক নন, তিনি একটি ইনস্টিটিউশন। তিনি এককভাবে তার পরিবারের না, তিনি আমাদের সকলের। তারাপদ দাসের আমিত্ব আমাতেই সীমাবদ্ধ না, তার আমিত্ব আমাদের মধ্যে বিস্তৃত।
তারাপদ দাস চাইলে বিলাসী জীবন যাপন করতে পারতেন এবং তিনি আমাদের মধ্যে নিজেকে সন্নিবেশিত করেছেন।
শনিবার সন্ধ্যায় যশোর আইনজীবী সমিতি মিলনায়তনে (ভবন-১) চাঁদের হাটের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শিক্ষক তারাপদ দাসের ৯৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ পর্বে এসব কথা বলেন তার ছাত্র অ্যাড. বাসুদেব বিশ্বাস।
অনুভূতি ব্যক্ত করে আরো বক্তব্য রাখেন যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর ও চাঁদের হাটের উপদেষ্টা মোকছিমুল বারী অপু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাড. আমিনুর রহমান হিরু, কিংশুক যশোরের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস. এম ফরহাদ।
কবির উদ্দিনের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শিক্ষক তারাপদ দাসসহ অতিথিদের ফুলেল শুভেচ্ছায় অনুষ্ঠান মঞ্চে বরণ করে নেয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরআরএফ’র নির্বাহী পরিচালক ও চাঁদের হাটের উপদেষ্টা ফিলিপ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদের হাটের উপদেষ্টা জিল্লুর রশিদ ও প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম। পরে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি শিক্ষক তারাপদ দাসকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদের হাটের উপদেষ্টা অ্যাড. দেবাশীষ দাস। উপস্থিত ছিলেন তারাপদ দাসের পুত্র সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দিপংকর দাস রতন।
প্রসঙ্গত তারাপদ দাস যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সম্মিলনী ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক।
