নড়াইল সংবাদদাতা
ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল সাংবাদিকদের উদ্দ্যেশ্য করে বলেন আমাদের এখানে কিছু এজেন্ট এবং কিছু সাংবাদিক ভাই রয়েছেন, যারা কোনো ঘটনা ঘটলেই মব সৃষ্টির মতো পরিবেশ তৈরি করেন।
এর ফলে হাসপাতাল ভাঙচুর, চিকিৎসক ও কর্মচারীদের মারধরের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এর মূল উদ্দেশ্য হলো, যাতে এ দেশের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন এবং দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে আস্থার সংকট তৈরি করে রোগীদের বিদেশে পাঠানোর পথ সুগম করা যায়।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নড়াইলে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার বেলা ১১টায় শহরের পুরাতন টার্মিনাল এলাকার একটি হোটেলের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা শাখার সভাপতি বিদ্যুৎ সান্যালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বাবুসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
