বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে সংস্কৃতিচর্চাকে আরও পরিশীলিত করা এবং দর্শকদের মানসম্মত নাট্য পরিবেশনা উপহার দেয়ার লক্ষ্যে নতুন নাটক নিয়ে মঞ্চে আসছে নাট্য সংগঠন ‘শব্দ থিয়েটার’।
বিশিষ্ট কথাসাহিত্যিক ইসমত চুগতাইয়ের বিখ্যাত গল্প অবলম্বনে সংগঠনটির নতুন নাটক ‘ঘোমটা’ আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় যশোর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মঞ্চস্থ হবে।
নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাস্উদ জামান।
বুধবার সকালে যশোর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাটকটির নির্দেশক মাস্উদ জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ঘোমটা’ মঞ্চায়নের মধ্য দিয়ে বাংলাদেশের নাট্যাঙ্গনে দুটি নতুন উদ্যোগের সূচনা করতে যাচ্ছে শব্দ থিয়েটার। এর একটি হলো ঢাকার বাইরের মঞ্চে রাজধানীর জনপ্রিয় তারকা শিল্পীদের যুক্ত করা। এরই অংশ হিসেবে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঈষিকা সাকিন প্রথমবারের মতো যশোরের মঞ্চে অভিনয় করবেন।
আয়োজকদের দাবি, ঢাকার বাইরে জেলা শহরগুলোর মঞ্চে রাজধানী কেন্দ্রিক জনপ্রিয় অভিনয়শিল্পীদের নিয়মিত অংশগ্রহণের নতুন সম্ভাবনা তৈরি করবে এ উদ্যোগ। এর ফলে স্থানীয় দর্শকদের পাশাপাশি জেলা শহরের নাট্যচর্চাতেও নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন তারা।
অন্যদিকে, সরাসরি থিয়েটারের টিকিট বিক্রিতে ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে শব্দ থিয়েটার। সংগঠনটির দাবি, দেশে সরাসরি থিয়েটারের জন্য প্রথমবারের মতো নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল টিকিট বিক্রির ব্যবস্থা চালু করেছে তারা। দর্শকরা ঘরে বসেই বিকাশের মাধ্যমে টিকিট কিনতে পারবেন। ২ অক্টোবরের প্রদর্শনীর জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ২০০ টাকা।
সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করে নাটকের প্রধান চরিত্রে অভিনয় করা ঈষিকা সাকিন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে পড়াশোনা শেষ করে নাটক ও সিনেমায় কাজ করেছি। তবে মঞ্চের মূল আনন্দ দর্শকদের সরাসরি প্রতিক্রিয়ার মধ্যে। যশোরের মানুষ অত্যন্ত সংস্কৃতিপ্রেমী এবং তাদের ভাষাও মিষ্টি। আশা করছি, দর্শকের ভালোবাসায় নিজের সেরাটা উজাড় করে দিতে পারব।
নাটকটির নির্দেশক মাস্উদ জামান বলেন, দর্শকদের মানসম্মত ও পরিশীলিত নাট্য পরিবেশনা উপহার দেয়াই শব্দ থিয়েটারের মূল লক্ষ্য। ‘ঘোমটা’র মাধ্যমে যশোরের দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি মঞ্চনাটক উপহার দেয়ার চেষ্টা করা হবে।
সংবাদ সম্মেলনে শব্দ থিয়েটারের সদস্য শাহাবুদ্দিন সাবু, জায়েদ মোহাম্মদ, রিফাত মাহমুদ, সোহেল রানা, মারুফ হোসেন ও পিয়াস মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
