কোটচাঁদপুর সংবাদদাতা :
ঝিনাইদহের কোটচাঁদপুরে পারিবারিক কলহের জেরে হুমাইরা খাতুন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। অন্যদিকে, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তার স্বামী আবু নাঈম।
ফলে মা হারা বাবহীন তিন বছর ও নয় মাস বয়সী দুই শিশু বর্তমানে দাদাবাড়িতে অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে বাদাম হাটপাড়ার আবু নাঈমের সঙ্গে বিয়ে হয় হুমাইরা খাতুনের। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।
এ ছাড়া তিনি পরকীয়ায় জড়িয়ে আরেকটি বিয়েও করেন বলে অভিযোগ রয়েছে। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ চলত। এর জের ধরে গত ২৩ সেপ্টেম্বর সকালে পারিবারিক বাকবিতণ্ডার একপর্যায়ে নিজ শোবার ঘরে গলায় ফাঁস দেন হুমাইরা।
ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী আবু নাঈমকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বর্তমানে শিশু দুটি তাদের দাদা সেলিম হায়দারের আশ্রয়ে রয়েছে।
বাবা-মাকে ছাড়া তারা কেমন আছেন, জানতে চাইলে দাদা সেলিম হায়দার বলেন, ‘প্রায় সময় আমার কাছে থাকে ওরা। আমি কোলে রাখি। তবে সারাণ কী যেন একটা খুঁজে ফেরেন ওই দুজন।
তাদের চোখে-মুখে বাবা-মাকে কাছে না পাওয়ার আকুতি।’
এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম জানান, তারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
