সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরার তালায় বিএনপি নেতা সিয়াদ সালেহ ও যুবদল নেতা ইমরান সরদারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বিকেলে তালা উপজেলার জাতপুর (আলাদিপুর) বাজার সংলগ্ন এলাকায় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি ও অধ্যাপক মোশাররফ হোসেনসহ অন্য নেতারা বক্তব্য দেন।
বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
ভুক্তভোগী সিয়াদ সালেহের দাবি, গত ২৯ আগস্ট বাজার বণিক সমিতির নির্বাচন কেন্দ্রিক বিরোধের জের ধরে গত ২৬ সেপ্টেম্বর রাতে তার বসতবাড়িতে হামলা চালানো হয়।
পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর সকালে আবারো হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে তালা থানায় একটি লিখিত এজাহার জমা দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
