মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়।
রাত ৯ টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে পলিয়ানপুর বিওপির সীমান্ত পিলার-৬০/১-আর থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের রায়পুর নামক স্থান নায়েব সুবেদার তাপশ কুমার সরকারের নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়। আটকদের মধ্যে এক জন পুরুষ, তিন জন নারী ও দুই জন শিশু রয়েছে।
বিজিবি আরও জানায়, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান জানান, আটক শিশু ও নারীদেরকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। প্রপ্তবয়স্ক পুরুষকে আদালতে পাঠানো হয়েছে।
