নড়াইল সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আজগর মোল্যা (৭০) শারীরিক অসুস্থতা, পারিবারিক সমস্যা কারণে সাংবাদিক সম্মেলন করে দল থেকে পদত্যাগ ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আজগর মোল্যা তার নিজ বাসভবন উপজেলার কলাগাছি গ্রামে এ সংবাদ সম্মেলন করেন।
আজগর মোল্যা নোয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কৃষি কাজ করতেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নাম্বার নোয়াগ্রাম ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলাম।
বর্তমানে আমি শারীরিক ভাবে খুবই অসুস্থ ও পারিবারিক সমস্যার কারণে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজ ইচ্ছায় পদত্যাগ করলাম। আমি যেহেতু একজন বৃদ্ধ, সেহেতু আমি এই রাজনৈতিক জীবন সমাপ্ত করতে চাই।
এদিন আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও আজগত মোল্যার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
