বাংলার ভোর প্রতিবেদক :
ঘোপ শিশু সংঘের আয়োজন এবং আর জে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার হাসপাতালের সার্বিক সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে ঘোপ সেন্ট্রাল রোডে মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার, জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরণ, ময়লা-আবর্জনা পরিস্কার এবং মশা নিধনে স্প্রে করা হয়।
নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি শামীম হোসেন বাদলের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন ঘোপ শিশু সংঘের আহ্বায়ক মনির হোসেন মনি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পী এবং আর জে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল্লাহ আল গাদ্দাফী রানা প্রমুখ।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাড়িঘর ও আশপাশ পরিস্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিস্কার করা এবং মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস করার বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন।
সেই লক্ষ্যে স্থানীয়দের সম্পৃক্ত করে আজকের এই আয়োজন। যদি আমরা সচেতন হই, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখি এবং মশার বিস্তার রোধে একসঙ্গে কাজ করি তবে এটি প্রতিরোযোগ্য।
রবিউল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু ব্যক্তি, সরকার বা কোন একটি প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; এর জন্য প্রয়োজন সামাজিক ও সম্মিলিত উদ্যোগ। তাই নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মসূচিতে ঘোপ শিশু সংঘের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, যশোর নগর বিএনপির যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, ঘোপ ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মালিক, সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মোশারফ হোসেন, আসাদুজ্জামান লিটু, মাহবুব হোসেন, তছির আহমেদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আর জে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার হাসপাতালের কর্মকর্তা কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করেন।
