বাংলার ভোর প্রতিবেদক :
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংস্থার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়। এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
পরে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমাজসেবা কার্যালয়ের সাবেক উপপরিচালক ইলিয়াসুর রহমান ও নাদুর হোসেন বিশ্বাস, প্রবীণ হিতৈষী সংস্থার সাধারণ সম্পাদক আতাহার রহমান এবং বাঁচতে শেখার প্রশাসনিক কর্মকর্তা দীপক কুমার রায়।
অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা সেলিম রেজা।
এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলামসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
