বাংলার ভোর প্রতিবেদক :
পরিবেশ সুরক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমানোর উদ্যোগের অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় ২০০ তালগাছের চারা রোপণ করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহেশপুর চৌরাস্তা এলাকার একটি গ্রামীণ সড়কের দুই পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ফিতা ও ফলক উন্মোচনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম।
এ সময় স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ জিল্লুর রহমান, যশোর জোনাল সেলস ম্যানেজার হাসান আলী, এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট তকি আহমেদ, ফিল্ড ম্যানেজার হাবিবুর রহমানসহ স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণ করেন এবং চারাগুলোর সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা করা হবে।
শেষে স্থানীয় বাসিন্দা ও উপকারভোগীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি নুরুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় তালগাছ রোপণ কর্মসূচি নেয়া হয়েছে। সারা দেশে এ উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
