বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী হারুন অর রশিদ (৬২)। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ছোট ভাই ও নওয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় পূর্বের লেনদেন নিয়ে হারুন অর রশিদের ছোট ভাই তুহিন বাবুর সঙ্গে আওয়াল হোসেনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে একরামুল হোসেন, আওয়াল হোসেন ও সাকিলসহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তাদের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
হামলাকারীরা মেসার্স নাজির বিশ্বাস স্টোর ও মেসার্স সোনা ভ্যান স্টোরে ভাঙচুর চালায়। পরে বসতবাড়িতেও ভাঙচুর করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
হারুন অর রশিদ জানান, এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরপরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ সময় তুহিন বাবু, আশরাফুল ইসলামসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
