বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের নাট্যপ্রেমীদের জন্য পরিবেশিত হয়েছে নাট্য সংগঠন শব্দ থিয়েটারের নতুন প্রযোজনা ‘ঘোমটা’ নাটক।
শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট কথাসাহিত্যিক ইসমত চুগতাইয়ের বিখ্যাত গল্প অবলম্বনে নির্মিত নাটকের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাস্উদ জামান।
নাটকের কেন্দ্রীয় চরিত্রে অসাধারণ অভিনয় পরিবেশন করেন টিভি অভিনেত্রী ঈষিকা সাকিন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও বিপুল সংখ্যক নাট্যপ্রেমী দর্শক উপস্থিত থেকে প্রদর্শনীটি উপভোগ করেন।
শিল্পীদের নিখুঁত ও সাবলীল অভিনয় উপস্থিত দর্শক-শ্রোতাদের ব্যাপকভাবে প্রশংসিত হয়। যশোরে সংস্কৃতি চর্চাকে পরিশীলিত করা এবং নাট্যপ্রেমীদের মানসম্মত পরিবেশনা উপহার দেয়ার লক্ষ্যে নাট্য সংগঠন শব্দ থিয়েটারের নাটকটি মঞ্চস্থ করে।
এ সময় শব্দ থিয়েটারের সদস্য শাহাবুদ্দিন সাবু, জায়েদ মোহাম্মদ, রিফাত মাহমুদ, সোহেল রানা, মারুফ হোসেন ও পিয়াস মন্ডলসহ যশোরের স্থানীয় সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
