বাংলার ভোর প্রতিবেদক
যশোরের শার্শায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর। রোববার বেলা সাড়ে ১২টার দিকে শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের বেলতলা-সোনাবাড়ীয়া সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর আস্তানাপাড়ার কুতুব উদ্দিন (৪৮) এবং সাদিপুর পশ্চিমপাড়ার আজিম উদ্দিন (৪৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে পশ্চিম কোটা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় জনৈক ওসমান সরদারের বাড়ি এলাকার বেলতলা-সোনাবাড়ীয়া সড়কের ওপর থেকে কুতুব উদ্দিন ও আজিম উদ্দিনকে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।
