বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের মণিরামপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ ও জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দেওয়ায় ভুক্তভোগী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী উজ্জ্বল কুমার বালা (৪৮)।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মনোহরপুর গ্রামের মৃত কৃষ্ণপদ বালার ছেলে উজ্জ্বল কুমার বালার সঙ্গে প্রতিবেশী বাবলু চক্রবর্তীর ছেলে মিঠুন মল্লিকের (৩০) জমি ও যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। অভিযোগ রয়েছে, মিঠুন মল্লিক উজ্জ্বলের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি দখলের উদ্দেশ্যে সেখানে ইট, বালু ও নির্মাণসামগ্রী রেখে চলাচল বন্ধ করে দিয়েছেন।
ভুক্তভোগী উজ্জ্বল কুমার বালা জানান, বিরোধ নিষ্পত্তির জন্য তিনি আগে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় বিষয়টি বিবেচনায় নিয়ে সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরবর্তী সময়ে যশোরের দেওয়ানি আদালত সংশ্লিষ্ট রাস্তা দখল না করার আদেশ দেন বলে দাবি করেন তিনি।
ওই আদেশের একটি অনুলিপি প্রতিবেদকের হাতে এসেছে। স্থানীয়দের অভিযোগ, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও মিঠুন মল্লিক রাস্তাটি অবরুদ্ধ করে রেখেছেন। পাশাপাশি উজ্জ্বল কুমার বালার আরও ১১ শতক জমি দখলের চেষ্টা করছেন। এতে বাধা দেওয়ায় উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় স্থানীয় বাসিন্দা হাজিরা খাতুন ও নাসরিন বেগমসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
উজ্জ্বল কুমার বালা বলেন, ‘আদালতের আদেশ থাকার পরও আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। জমি দখলের চেষ্টা চলছে। প্রতিবাদ করায় আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা চাই।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মিঠুন মল্লিকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
