বাংলার ভোর প্রতিবেদক :
যশোর সেনানিবাসে অনুষ্ঠিত আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্কুল পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে যশোর সেনানিবাসের মেজর জেনারেল রফিক অডিটরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা যুক্তি, তথ্য-উপাত্ত ও বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপনের মাধ্যমে নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়।
কলেজ পর্যায়ের চূড়ান্ত পর্বে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ প্রতিদ্বন্দ্বী জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে স্কুল পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল হাফিজুর রহমান।
এ সময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিচারকমণ্ডলীর মূল্যায়ন ও পরামর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের দুর্বলতা কাটিয়ে ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি নিয়ে বিতর্কের মঞ্চে আসার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান।
সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতা গত ১৩ অক্টোবর শুরু হয়। এতে দেশের ২৪টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ১২০ জন মেধাবী বিতার্কিক অংশ নেয়। প্রতিযোগীরা যুক্তিনির্ভর বক্তব্য, তথ্য-উপাত্ত উপস্থাপন, বিষয়ভিত্তিক বিশ্লেষণ ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
