নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। বুধবার দুপুর দুটোর দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল ডাঙ্গীর পার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে কর্তব্যরত খর্ণিয়া (চুকনগর) হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর দুটোর দিকে খুলনা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির সাতক্ষীরাগামী যাত্রীবাহী (সাতক্ষীরা জ-১১-০০৯৬) বাসটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল ডাঙ্গীরপার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ক্রাউন সিমেন্টবোঝাই ট্রাকের (নারায়ণগঞ্জ উ-১১-০০২৬) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় বাসটির ৪০/৪২ জন যাত্রী কমবেশি আহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, এদের মধ্যে মুন্সিগঞ্জ জেলার জিন্নাত আলী (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু নিশ্চিত করেছে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। স্থানীয় একাধিক সূত্র বলছে, খাদে পড়ে যাওয়া বাসের নিচ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করেছে ডুমুরিয়া ফায়ার সার্ভিস। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খাদে পড়ে যাওয়া বাসটি উদ্ধারের কাজ চলছিল। তবে উদ্ধারকারীদের ধারণা বাসের নিচে বা ভিতরে আরও মৃতদেহ থাকতে পারে।
